‘জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদিকে বের করে দেয়ার দাবি’
https://parstoday.ir/bn/news/west_asia-i52311-জাতিসংঘ_মানবাধিকার_পরিষদ_থেকে_সৌদিকে_বের_করে_দেয়ার_দাবি’
জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন ব্রিটেনের কয়েকজন আইনজীবী। বিনা অপরাধে সৌদি আরবের বহু রাজনৈতিক ও মানবাধিকার কর্মী আটকের ঘটনায় ব্রিটিশ আইনজীবীরা এ দাবি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যার কারণে দেশটিতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যার কারণে দেশটিতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে

জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন ব্রিটেনের কয়েকজন আইনজীবী। বিনা অপরাধে সৌদি আরবের বহু রাজনৈতিক ও মানবাধিকার কর্মী আটকের ঘটনায় ব্রিটিশ আইনজীবীরা এ দাবি জানিয়েছেন।

গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ আইনজীবী রডনি ডিক্সন কিউসি এবং লর্ড কেনেথ ডোনাল্ড জন ম্যাকডোনাল্ড বলেছেন, গত সেপ্টেম্বরে ৬০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে সৌদি সরকার যাদের বেশিরভাগই মানবাধিকারের পক্ষে সোচ্চার ছিলেন অথবা রাজনৈতিক কর্মী। এ অবস্থায় ব্রিটিশ আইনজীবীরা বলেন, “আমাদের  প্রধান সুপারিশ হচ্ছে- জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে সৌদি আরবকে বহিষ্কারের জন্য সাধারণ পরিষদকে উদ্যোগ নিতে হবে।”

সৌদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ (ফাইল ফটো)

ব্রিটিশ আইনজীবীরা আরো বলছেন, “মানবাধিকার ও রাজানৈতিক দমন-পীড়ন অব্যাহত রাখবে আবার সৌদি সরকার মানবাধিকার পরিষদের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে- তা হতে পারে না, এটা সম্পূর্ণভাবে সাংঘর্ষিক।” দুই আইনজীবী বলেন, এর আগে এই সৌদি আরব জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।”

আটক ব্যক্তিদের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে ব্রিটিশ আইনজীবীরা সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন এবং তা সৌদি সরকারের কাছে পাঠানো হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১