সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা হয় নি: ওয়াইপিজি
-
সিরিয়ার সেনাবাহিনীর কয়েক জন সদস্য (ফাইল ফটো)
মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি আফরিনে তুর্কি হামলা মোকাবেলায় সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতার খবর নাকচ করে দিয়েছে।
ওয়াইপিজি’র মুখপাত্র নুরি মাহমুদ বলেছেন, "সরকারি বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা হয় নি। সীমান্ত রক্ষায় এগিয়ে আসতে তাদের প্রতি কেবল আমাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।"
তবে এর আগে গত রোববার কুর্দি কর্মকর্তা বাদরান জিয়া বলেছিলেন, সিরিয়ার সরকারের সঙ্গে আফরিনে সেনা পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। তুর্কি সেনাবাহিনীর হাত থেকে আফরিনকে রক্ষায় খুব শিগগিরই সিরিয়ার সরকার সমর্থিত গণবাহিনী সেখানে পৌঁছাবে বলে তিনি জানিয়েছিলেন। সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা’র এক খবরেও কুর্দিদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তির খবর দেয়া হয়েছে।
গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিনে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তবে এ জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয়া হয় নি। এ কারণে সিরিয়ার সরকার ওই অভিযানকে আগ্রাসন বলে মনে করছে। তুরস্ক বলছে, কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি তাদের জন্য হুমকি হয়ে উঠছে। এ কারণে তাদের নির্মূল করতে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০