ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা: প্রতিহতের দাবি সৌদি আরবের
https://parstoday.ir/bn/news/west_asia-i55668-ইয়েমেন_থেকে_রিয়াদে_ক্ষেপণাস্ত্র_হামলা_প্রতিহতের_দাবি_সৌদি_আরবের
সৌদি আরব ঘোষণা করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। রাজধানী রিয়াদের আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে আজ (বুধবার) দাবি করেছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৮ ১৮:৫০ Asia/Dhaka
  • ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা
    ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরব ঘোষণা করেছে যে, ইয়েমেন থেকে ছোঁড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। রাজধানী রিয়াদের আকাশে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে আজ (বুধবার) দাবি করেছে সৌদি আরবের সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া।

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানীতে আজ যে তিনটি বিশাল শব্দ শোনা গেছে তা ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনার সঙ্গে সম্পর্কিত। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ দেখাচ্ছে সৌদি সেনারা (২৬ মার্চের ছবি) 

এর আগে, গণমাধ্যমের খবরে বলা হয়েছিল- রিয়াদে তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিন্তু সৌদি সরকার তখন ওই বিস্ফোরণের স্থান ও কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রাজধানী রিয়াদে অন্তত তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন। গত পাঁচ মাসে এ নিয়ে চতুর্থবার সৌদি রাজধানী রিয়াদে আনসারুল্লাহ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা চালাল। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে আনসারুল্লাহ যোদ্ধারা এসব ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১