ইয়েমেনে আমেরিকার তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে সৌদি: সাংবাদিক
দারিদ্রপীড়িত ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের ওপর বর্বরোচিত হামলায় সৌদি বাহিনী আমেরিকার তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে দেশটির বিশিষ্ট সাংবাদিক হাসান আল বুহাইতি অভিযোগ করেছেন।
গতকাল (শুক্রবার) টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে আমেরিকার তৈরি ক্লাস্টার বোমার কয়েকটি টুকরো অংশ দেখিয়ে তিনি বলেন, সৌদি জঙ্গিবিমান গত বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিম অংশের হামদান শহরে এ বোমা ব্যবহার করেছে। হামলায় দুই শিশুসহ অন্তত ৬ ব্যক্তি নিহত হয়।
বুহাইতি বলেন, সৌদি হামলার ঘটানস্থল থেকে স্থানীয় শিশুরা হলুদ রংয়ের বোমার টুকরো অংশ খুঁজে পায়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আমেরিকা সহযোগিতা দেয়ায় তিনি দেশটির নিন্দা জানিয়ে বলেন, সৌদি জঙ্গিবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি রিয়াদ সরকারকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সার্বিক সহায়তা দিচ্ছে আমেরিকা।
তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে আমি প্রশ্ন করতে চাই যে সৌদি জোটের কাছে কারা এসব বোমা সরবরাহ করছে? কারণ ইয়েমেনের হাতে তো এসব বোমা নেই? সাংবাদিক বুহাইতি আরো বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিয়ে আমেরিকার যত আপত্তি। অথচ দেশকে বর্হিশত্রুর হামলা থেকে রক্ষার করার জন্যে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১২