ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ব্যাপক সংঘর্ষ; পালাচ্ছে লোকজন
-
হুদাইদা বন্দর এলাকা থেকে পালাচ্ছে লোকজন
ইয়েমেনের বৃহত্তম সমুদ্রবন্দর হুদাইদার আশপাশে সংঘর্ষ তীব্রতর হওয়ায় সেখান থেকে লোকজন পালাতে শুরু করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারনাশ্যনাল জানিয়েছে, এরইমধ্যে অন্তত এক লাখ মানুষ পালিয়ে গেছে। সংস্থাটি বলছে, বন্দর থেকে শহর এলাকার দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।
অ্যামনেস্টি আজ (বৃহস্পতিবার) বলেছে, সংঘর্ষের কারণে হুদাইদার পরিস্থিতি আরো খারাপ হতে পারে। হুদাইদা এলাকা থেকে পালিয়ে যাওয়া লোকজনের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি এ তথ্য দিয়েছে।
হুদাইদা এলাকায় ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণ রয়েছে। সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সৌদি সমর্থিত হাদিপন্থি গেরিলারা।
এ সম্পর্কে অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স অ্যাডভাইজার রাওয়া রাগেহ বলেছেন, পালিয়ে আসা লোকজনের কাছ থেকে যেসব ঘটনা জানা যাচ্ছে তাতে হুদাইদা এলাকার পরিস্থিতি পরিষ্কার হয়ে উঠেছে। ঘনবসতিপূর্ণ এলাকার দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ হয়ে উঠবে বলেও সংস্থাটি সতর্ক করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭