সিরিয়ায় ‘অজ্ঞাত ড্রোন’ গুলি করে ভূপাতিত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i57668-সিরিয়ায়_অজ্ঞাত_ড্রোন’_গুলি_করে_ভূপাতিত_করল_রাশিয়া
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটির কাছে একটি ‘অজ্ঞাত ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২২, ২০১৮ ০১:২৭ Asia/Dhaka
  • সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটির আশপাশে মোতায়েন এস-৩০০ ব্যবস্থা; আকাশে উড়ছে একটি হেলিকপ্টার
    সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটির আশপাশে মোতায়েন এস-৩০০ ব্যবস্থা; আকাশে উড়ছে একটি হেলিকপ্টার

রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটির কাছে একটি ‘অজ্ঞাত ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, “এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। রাশিয়ার হামেইমিম বিমান ঘাঁটির তৎপরতা স্বাভাবিক গতিতে চলছে।”

সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে দামেস্ককে সহযোগিতা করছে মস্কো। হামেইমিম হচ্ছে সিরিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। উগ্র জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে রাশিয়া এ ঘাঁটি ব্যবহার করে।

হামেইমিন বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ছে রুশ জঙ্গিবিমান (ফাইল ছবি)

সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল খবর দিয়েছিল, হামেইমিম বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে মোতায়েন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গোলা নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ওই সংস্থা জানায়।

সিরিয়ান অবজারভেটির পক্ষ থেকে একথা জানানোর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন নামানোর খবর দিল। তবে ড্রোনটি কাদের তৈরি এবং কি উদ্দেশ্যে হামেইমিমে পাঠানো হয়েছিল সে সম্পর্কে মস্কো কোনো কিছু জানায়নি।

এর আগে গত জানুয়ারিতে রাশিয়া বলেছিল, সিরিয়ায় অবস্থিত রুশ নৌ ও বিমান ঘাঁটিগুলোতে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২