ইসরাইলই প্রথম হামলার কাজে এফ-৩৫ বিমান ব্যবহার করেছে
-
এফ-৩৫ বিমান
ইহুদিবাদী ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকার তৈরি এফ-৩৫ বিমানকে হামলার কাজে তারাই সর্বপ্রথম ব্যবহার করেছেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে দুইবার এফ-৩৫ বিমান ব্যবহার করেছেন তারা।
ইসরাইলি বিমান বাহিনীর প্রধান আমিকাম নরকিন আজ (মঙ্গলবার) হারজিলা সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা মধ্যপ্রাচ্যের সবখানে এফ-৩৫ বিমান ওড়াচ্ছি। এ বিমান আমাদের অভিযান সক্ষমতার অংশে পরিণত হয়েছে। আমরাই প্রথম এফ-৩৫ বিমানকে হামলার কাজে ব্যবহার করেছি এবং দুটি ফ্রন্টে দুবার ব্যবহার করা হয়েছে।”
সম্মেলনে তিনি একটি ছবি দেখান যাতে দেখা যায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর এফ-৩৫ বিমান উড়ছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি। নরকিন বলেন, সিরিয়ার সর্বশেষ হামলায় এফ-৩৫ বিমান অংশ নেয় নি কিন্তু আগের দুটি হামলার একটিতে অংশ নিয়েছিল।
মার্কিন কোম্পানি লক হিড মার্টিন এফ-৩৫ বিমান তৈরি করেছ এবং আমেরিকার বাইরে ইসরাইলই প্রথম এ বিমান পেয়েছে। ইসরাইল ৫০টি বিমানের অর্ডার দিয়েছে এবং এ পর্যন্ত নয়টি বিমান বুঝে পেয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২