দারা'য় অভিযান চালানো হলে পরিণতি ভালো হবে না: সিরিয়াকে আমেরিকার হুমকি
জর্ডান এবং ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কৌশলগত দারা প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানো হলে সিরিয়াকে 'কঠোর এবং সমুচিত' জবাব দেয়া হবে বলে দামেস্ককে হুমকি দিয়েছে আমেরিকা।
গতকাল (শুক্রবার) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নোয়ার্ট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে আসন্ন সামরিক অভিযানে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন যে এলাকাটি নিরাপত্তা জোনের আওতায় পড়ায় সেখানে সিরিয় বাহিনী কোনো অভিযান চালানো পারে না। এ ধরনের অভিযান চালানো হলে আসাদ বাহিনীর বিরুদ্ধে 'কঠোর এবং সমুচিত' পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলো মুক্ত করার পর সিরিয় বাহিনী এখন দারা প্রদেশের অভিমুখে এগিয়ে যাচ্ছে বলে ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস খবর দেয়ার দু'দিন পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ হুঁশিয়ারি এলো। সংস্থাটি আরো বলেছে, দামেস্কের আশপাশের এলাকাগুলো সন্ত্রাসীমুক্ত হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনী দারায় তাদের শক্তি বৃদ্ধি করছে।
গতকাল সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে জানিয়েছে, দারা থেকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের চলে যেতে সরকারি বিমান থেকে সেখানে লিফলেট নিক্ষেপ করা হয়েছে।#
পার্সটুডে/বাবুুল আখতার/২৬