কাতার এস-৪০০ কিনলে হামলা হবে: সৌদি রাজার হুঁশিয়ারি
-
মস্কোয় এস-৪০০ ব্যবস্থার প্রদর্শনী (ফাইল ছবি)
সৌদি রাজা সালমান কাতারকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, দোহা রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে রিয়াদ। রাজা সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে লেখা এক চিঠিতে ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে ফ্রান্সের দৈনিক লা মন্ড জানিয়েছে।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদি রাজা। প্রেসিডেন্ট ম্যাকরনকে লেখা চিঠিতে রাজা সালমান বলেন, দোহা ‘এস-৪০০’ কিনলে মধ্যপ্রাচ্যে রিয়াদের নিরাপত্তাগত স্বার্থ বিপন্ন হবে।
কাজেই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে ফরাসি প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন রাজা সালমান। চিঠিতে সৌদি রাজা লিখেছেন, “(কাতার এস-৪০০ কিনলে) সৌদি আরব ওই ব্যবস্থা ধ্বংস করার জন্য সামরিক ব্যবস্থাসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত থাকবে।”
প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মন্ড এমন সময় এ খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে খবর দিয়েছেন একজন সৌদি কূটনীতিক। মস্কোয় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি এ খবর দিয়ে জানিয়েছেন, দুই দেশ এ সংক্রান্ত চুক্তির কারিগরি দিক নিয়ে কাজ করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২