‘ফিলিস্তিন প্রসঙ্গে ইরান তার ঘোষিত নীতি থেকে পিছু হটবে না’
-
আমির-আব্দুল্লাহিয়ানের (ডানে) সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।
শনিবার তেহরানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালাহ আয-যাওয়াবি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আব্দুল্লাহিয়ান এ অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ফিলিস্তিন প্রসঙ্গে ইরান তার ঘোষিত নীতি থেকে পিছু হটবে না।
সাক্ষাতে যাওয়াবি বলেন, মুসলিম উম্মাহর উচিত সবার আগে ফিলিস্তিন সংকটের সমাধান করা। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক ইহুদিবাদী চক্রের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছেন। ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনি সরকার ও জনগণ মেনে নেবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছেন, তিনি এই ঐতিহাসিক নগরীর ইতিহাস এবং ইসলামে এর অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালের ৬ ডিসেম্বর মুসলমানদের প্রথম ক্বেবলা সম্বলিত শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। চলতি বছরের ১৪ মে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করা হয়।
ট্রাম্প এমন সময় এ পদক্ষেপ নিলেন যখন এই নগরী ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে এই পবিত্র নগরী দখল করে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮