ইয়েমেনের স্কুল বাসে সৌদি হামলার তদন্ত চাইল নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/west_asia-i63429-ইয়েমেনের_স্কুল_বাসে_সৌদি_হামলার_তদন্ত_চাইল_নিরাপত্তা_পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের একটি স্কুল বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার ‘বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ’ তদন্তের আহ্বান জানিয়েছে। গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৮ ০১:০৮ Asia/Dhaka
  • সৌদি আরবের বর্বরোচিত হামলায় নিহত শিশুদের দাফন করার জন্য কবর খোড়া হচ্ছে (শুক্রবারের দৃশ্য)
    সৌদি আরবের বর্বরোচিত হামলায় নিহত শিশুদের দাফন করার জন্য কবর খোড়া হচ্ছে (শুক্রবারের দৃশ্য)

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের একটি স্কুল বাসে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার ‘বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ’ তদন্তের আহ্বান জানিয়েছে। গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে বৃহস্পতিবার সকালে একটি স্কুলবাসের ওপর বিমান হামলা চালায় সৌদি বাহিনী। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই পাশবিক হামলায় অন্তত ৫০ ব্যক্তি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৭ ব্যক্তি।

ইয়েমেনের আল-মাসিরা টিভি জানিয়েছে, হতাহতরা বাসে করে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছিল।

সৌদি বিমান হামলায় আহত শিশুদের চিকিৎসা চলছে

নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ের্স বলেছেন, “পরিষদের সদস্য দেশগুলো ইয়েমেনে সৌদি হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব দেশ স্কুলবাসে সৌদি বিমান হামলার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে।”

বৈঠকের শুরুতে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সৌদি আরবের ওই পাশবিক বিমান হামলা সম্পর্কে অবহিত করেন। পিয়ের্স আরো বলেন, ইয়েমেনের স্কুল বাসে সৌদি বিমান হামলার ব্যাপারে কীভাবে সবচেয়ে ভালো উপায়ে তদন্ত সম্পন্ন করা যায় সেজন্য নিরাপত্তা পরিষদ এখন জাতিসংঘসহ অন্যদের সঙ্গে পরামর্শ করবে।

এর আগে গতকাল ওই বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ করতে সৌদি আরব ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১