সৌদি আরবের নজিরবিহীন বিবৃতি; ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৭
https://parstoday.ir/bn/news/west_asia-i64097-সৌদি_আরবের_নজিরবিহীন_বিবৃতি_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলায়_আহত_৩৭
সৌদি আরবের নাজরান প্রদেশে ন্যাশনাল গার্ড বাহিনীর ক্যাম্পে ইয়েমেনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল-আরাবিয়া গতরাতে এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ০৭:৫২ Asia/Dhaka
  • আল-আরাবিয়া টিভি থেকে সম্প্রচারিত ছবি
    আল-আরাবিয়া টিভি থেকে সম্প্রচারিত ছবি

সৌদি আরবের নাজরান প্রদেশে ন্যাশনাল গার্ড বাহিনীর ক্যাম্পে ইয়েমেনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল-আরাবিয়া গতরাতে এ খবর দিয়েছে।

তবে সৌদি কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও এর ধ্বংসাবশেষের আঘাতে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ১৪ জনকে সেনা ক্যাম্পেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ১৯টি গাড়ী ও ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওই এলাকার বহু মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

সৌদি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ২০১৫ সালের মার্চ এ পর্যন্ত ইয়েমেন থেকে ১৮৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনিরা। ইয়েমেনি হামলায় ১১২ জন নিহত হয়েছে বলে তারা স্বীকার করেছে। সৌদি আরব সরকার সাধারণত যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করে না। এবারের এই পরিসংখ্যান প্রকাশের ঘটনাকে এ কারণেই নজিরবিহীন বলা হচ্ছে।

২০১৫ সালের ১৫ মার্চ থেকে প্রতিবেশী ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এর ফলে এ পর্যন্ত ছয় লাখের বেশি ইয়েমেনি হতাহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন