সিরিয়ায় জঙ্গিদের হাসপাতাল থেকে ইসরাইলি ওষুধ উদ্ধার
-
জঙ্গিদের হাসপাতালের একটি অংশ
সিরিয়ার গোলান অঞ্চলে জঙ্গিদের একটি হাসপাতাল থেকে ইহুদিবাদী ইসরাইলের তৈরি বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রুশ টিভি চ্যানেল 'রাশাটুডে' এ খবর দিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী গোলানের আল-বারিকা উপশহরে জঙ্গিদের একটি হাসপাতালে তল্লাশির সময় এসব ওষুধ খুঁজে পায়।
জঙ্গিদের এই হাসপাতাল থেকে মার্কিন ও ফরাসি ওষুধপত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে সিরিয়ার নিরাপত্তা সূত্র। এই হাসপাতালে অপারেশনের জন্য প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতিও রয়েছে।
এর আগে কুনেইত্রা প্রদেশে দায়েশ ও জাবহাত আন নুসরার একটি গুদাম থেকেও ইসরাইলের তৈরি বিপুল পরিমাণ ওষুধ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার পর থেকেই সন্ত্রাসীদের সমর্থন দিয়ে যাচ্ছে এবং আহত সন্ত্রাসীদেরকে ইসরাইলে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা দেওয়ার পর ওই সব সন্ত্রাসীকে আবারও সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার সিরিয়ার সেনাবাহিনী দারা প্রদেশ থেকেও ইসরাইল ও পাশ্চাত্যের তৈরি অস্ত্র উদ্ধার করেছে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর অভিযানের মুখে এসব অস্ত্র রেখে পালিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে ব্যাপক সহিংসতা উসকে দেওয়া হয়। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কারণে প্রতিশোধ হিসেবে বাশার আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দীর্ঘ দিন ধরে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়।
ইহুদিবাদী ইসরাইল এখনও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়েও সিরিয়ার সরকার ও জনগণের প্রতিরোধ ভাঙতে পারে নি দেশটির শত্রুরা।#
পার্সটুডে/এসএ/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন