লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাতের ক্ষেপণাস্ত্র অর্জন করেছি: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i64446-লক্ষ্যবস্তুতে_নিখুঁত_আঘাতের_ক্ষেপণাস্ত্র_অর্জন_করেছি_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে বলেছেন, আমাদের হাতে এখন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাতের ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজধানী বৈরুতে ভিডিও লিঙ্কের মাধ্যমে পবিত্র আশুরার এক শোক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন। ওই শোক সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১১:২৯ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশে বলেছেন, আমাদের হাতে এখন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাতের ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজধানী বৈরুতে ভিডিও লিঙ্কের মাধ্যমে পবিত্র আশুরার এক শোক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন। ওই শোক সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নেন।

নাসরুল্লাহ বলেন, ইসরাইল নতুন যুদ্ধ শুরু করলে এমন পরিণতি ভোগ করবে যা কখনো তারা ভাবে নি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন এসেছে। পরিস্থিতি এখন ইসরাইলবিরোধী প্রতিরোধকামী জোটের পক্ষে। তিনি বলেন, হিজবুল্লাহ এরইমধ্যে নিখুঁত আঘাতের রকেট অর্জন করেছে। ইহুদিবাদী ইসরাইলের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে এটি অর্জন করেছে প্রতিরোধ আন্দোলন।

তিনি বলেন, সিরিয়া ও ইরাকের পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছিল ইহুদিবাদী ইসরাইল। কিন্তু প্রতিরোধ ফ্রন্ট অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী এবং নতুন নতুন দেশও এই ফ্রন্টে যোগ দিয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননের বিরুদ্ধে যেকোনো সংঘাতকে ইসরাইল ভয় পায়, কারণ তারা ভালোভাবে জানে যেকোনো যুদ্ধের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

নাসরুল্লাহ বলেন, ইসরাইলের দুর্বলতাগুলো আমরা জানি। আমাদের শক্তি ও সামর্থ্য সম্পর্কেও তারা ভালোভাবে অবহিত। ইসরাইল এটাও জানে যে, শুধু প্রযুক্তি দিয়ে যুদ্ধের জয়-পরাজয় নির্ধারিত হয় না।

লেবাননের হিজবুল্লাহ নেতা বলেন, সব ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ মোকাবেলায় হিজবুল্লাহ ইরানকে সমর্থন দেবে। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের পাশে দাঁড়ানো হিজবুল্লাহর দায়িত্ব বলে তিনি জানান। তিনি বলেন, আমেরিকা ইরানকে শাস্তি দিচ্ছে কারণ ইরান ওয়াশিংটনের কাছে নতিস্বীকার করে না এবং ফিলিস্তিন ও সিরিয়াসহ নির্যাতিত জাতিগুলোর প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের আন্দোলন-সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত 'ডিল অব সেঞ্চুরি'র বিরোধিতা করেন।

ইয়েমেন ও বাহরাইনের জনগণের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১