বসরা সহিংসতায় ইরানকে জড়িয়ে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল ইরাক
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে সাম্প্রতিক সহিংসতার জন্য ইরানকে জড়িয়ে আমেরিকা যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে বাগদাদ।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র আহমাদ মাহজুব গতকাল (বুধবার) ওয়াশিংটনে বলেছেন, ইরাকে এমন কোনো বাহিনী নেই যারা বাইরের দেশ থেকে কোনো নির্দেশ গ্রহণ করে।সেটা ইরান হোক বা অন্য কোনো দেশ হোক। ওয়াশিংটন টাইমস এ খবর দিয়েছে।
আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত ইরাকের দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে এক গোল-টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওয়াশিংটন সফরত ইরাকের এ কর্মকর্তা মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হওয়ার কথা রয়েছে। ইরাকের বসরা নগরীতে মার্কিন কূটনৈতিক মিশনের কাছে রকেট হামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমেরিকা সেখানকার সব কর্মকর্তাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্তে বাগদাদ চরমভাবে বিস্মিত হয়েছে বলে জানান মাহজুব।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বসরায় সাম্প্রতিক সহিংসতার জন্য ইরানকে দায়ী করে সেখানে মার্কিন মিশন বন্ধের ঘোষণা দেন। একইসঙ্গে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ইরাকের মুখপাত্র মাহজুব পম্পেও'র অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন যে, তিনি অসমর্থিত সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, "বসরায় মার্কিন কনসুল্যটের বিরুদ্ধে হুমকি সৃষ্টিতে ইরানের ভূমিকার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও কোন্ সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন সে বিষয়ে আমি অবগত নই। একই সঙ্গে আমরা অনুতপ্ত যে বসরায় ইরানের কনসুল্যটও হামলার শিকার হয়েছে।"#
পার্সটুডে/বাবুল আখতার/৪
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন