গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় এক ফিলিস্তিনির শাহাদাত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি জঙ্গিবিমান গতকাল (বুধবার) গাজা উপত্যকার দক্ষিণ অংশে অবস্থিত রাফাহ শহরে ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় এক ফিলিস্তিনি যুবক শহীদ হওয়া ছাড়াও অপর তিনজন আহত হন।
এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো বুধবার এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। তারা ঐক্যবদ্ধ থেকে কুদস দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রতিরোধ আন্দোলনগুলো আরো বলেছে, নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণ যে আন্দোলন করছে তা দমন করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ। প্রথমদিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করে মানবতার শত্রু ইসরাইল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮