যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করেছে হুথিরা; মধ্যস্থতার প্রস্তাব নাকচ
-
ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন-বিরোধী বিক্ষোভ
ইয়েমেনে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। পাশাপাশি ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনের জন্য তারা আমেরিকাকে দায়ী করেছে।
আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মাদ বাখিতি ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে আজ (বুধবার) বলেছেন, কেবল আমেরিকা যুদ্ধ বন্ধ করলেই বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরে আসবে। তিনি আরো বলেন, ইয়েমেনের স্বাধীনতা-সার্বভৌমত্বকে উপেক্ষা করে এমন যেকোনো সমাধান প্রচেষ্টার বিরোধিতা করে আনসারুল্লাহ।
গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান।
জেমস ম্যাটিস তার ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে ইয়েমেনের সংঘাত পর্যবেক্ষণ করেছে আমেরিকা। এ অবস্থায় ওয়াশিংটন আশা করে- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমেরিকা শান্তি প্রচেষ্টা শুরু করেছে এবং আগামী ৩০ দিনের মধ্যে তা সম্পন্ন করতে চায়। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব ও আমিরাতের প্রতি বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/৩১