হুদাইদা বন্দরে সৌদি জোটের হামলা জোরদার: বহু হতাহত
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দারিদ্রপীড়িত ইয়েমেনের বন্দরনগরী হুদাইদায় বর্বরোচিত হামলা জোরদার করছে। হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান গতকাল (সোমবার) লোহিত সাগর তীরবর্তী হুদাইদা বন্দরের উপকণ্ঠে বোমা বর্ষণ করলে দুই ব্যক্তি নিহত এবং ২৪ জন আহত হয়। একই দিনে সৌদি জঙ্গিবিমান হুদাইদা বন্দরের কেন্দ্রীয় কারাগারে বোমা বর্ষণ করলে পাঁচ কারাবন্দী আহত হয়।
এছাড়া হুদাইদা প্রদেশে সৌদি মদদপুষ্ট ভাড়াটে সেনাদের কামানের গোলার আঘাতে এক তরুণী আহত এবং একটি মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌদি সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা সেখানে একটি কারাখানায় হামলা চালালে এক শ্রমিক নিহত এবং অপর পাঁচ জন আহত হয়। এছাড়া সৌদি জঙ্গিবিমান হুদাইদা প্রদেশের হালি শহরে আবাসিক ভবনগুলোতে বোমা হামলা চালিয়েছে বলে আল মাসিরা টেলিভিশন চ্যানেল একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জানিয়েছে।
গত কয়েক মাস ধরে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বার বার এ শহর দখলের চেষ্টা করেছে। তবে তারা হুথি আনসারুল্লাহ ও তাদের সমর্থিত সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন