হুদাইদাহ থেকে দু পক্ষকেই যোদ্ধা সরিয়ে নিতে হবে: জাতিসংঘ দূত
-
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া হুদাইদাহ শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিবদমান দুপক্ষকেই যোদ্ধা সরিয়ে নিতে হবে। গতকাল (সোমবার) টুইটার পোস্টে গ্রিফিত জানান, হুদাইদাহ এলাকা থেকে দুপক্ষের যোদ্ধা সরিয়ে নেয়ার বিষয়ে বেধে দেয়া সময়সীমা এরইমধ্যে শেষ হয়েছে।
গত মাসে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি সমর্থিত আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত পক্ষ সুইডেনে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে দুপক্ষ তাদের যোদ্ধা সরিয়ে নেয়ার ও জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের বিষয়ে একমত হয়। কিন্তু হুথিরা অভিযোগ করে আসছে, সৌদি সমর্থিত গোষ্ঠী বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
যুদ্ধবিরতি চুক্তির পর দুপক্ষ ১৬ হাজার বন্দীর তালিকা বিনিময় করেছে। আশা করা হচ্ছে শিগগিরি এসব বন্দী বিনিময় শুরু হবে। লন্ডন থেকে প্রকাশিত আশ-শারকুল আওসাত পত্রিকাকে গতকাল মার্টিন গ্রিফিত বলেছেন, ইয়েমেন সংঘাত নিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের বিষয়ে তিনি আশাবাদী।#
পার্সটুডে/এসআইবি/২৯