আরো ৩ বছর ইরানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে: ইরাক
-
মোহাম্মাদ আল-হালবাসি
আমেরিকা সফররত ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবাসি বলেছেন, তার দেশে জ্বালানি সংকট আগের মতোই অব্যাহত রয়েছে এবং আরো অন্তত তিন বছর বাগদাদকে তেহরানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে যেতে হবে।
তিনি এজন্য ইরানের কাছ থেকে জ্বালানি আমদানির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে ইরাককে মুক্ত রাখার সময় বাড়াতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বছরের নভেম্বরে ইরানের ওপর অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপের সময় তেহরানের কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করার জন্য বাগদাদকে ৪৫ দিনের সময় দেয় ওয়াশিংটন। এরপর ডিসেম্বরে সেই সময় আরো ৯০ দিন বাড়ানো হয় যা ১৯ মার্চ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু চলতি মাসের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাকের জন্য সে সময় আরো ৯০ দিনের জন্য বাড়িয়ে দেয়।

কিন্তু ইরাকের পার্লামেন্ট স্পিকার বলছেন, এত অল্প অল্প করে সময় বাড়ালে জ্বালানি খাতে তার দেশের প্রয়োজন মিটবে না। তিনি ওয়াশিংটনে ইনস্টিটিউট অব পিসে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি আশা করছি অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সময়সীমা বাড়তেই থাকবে।” ওয়াশিংটন সফরে হালবাসি অন্যান্য মার্কিন কর্মকর্তার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইরানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করার দিক থেকে ইরাক বিশ্বের বৃহত্তম দেশ। ইরাকের অভ্যন্তরীণ চাহিদা ২৩ হাজার মেগাওয়াট। কিন্তু ২০০৩ সালে দেশটিতে মার্কিন আগ্রাসনের জের ধরে সৃষ্ট অস্থিতিশীলতার কারণে বাগদাদ ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বাকি সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেশটিকে আমদানি করতে হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০