সিরিয়ায় অভিযান নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ার ওই এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে যাদেরকে তুরস্ক চরম শত্রু মনে করে।
এরদোগান জানিয়েছেন, আজ (সোমবার) মস্কোয় তিনি পুতিনের সঙ্গে আলোচনা করবেন। রুশ বার্তা সংস্থা রিয়া নিউজ এ খবর দিয়েছে। রিয়া নিউজকে এরদোগান বলেন, “সীমান্তে আমাদের প্রস্তুতি শেষ, অভিযানের জন্য সবকিছু প্রস্তুত। যেকোনো সময় আমরা এটা শুরু করতে পারি। রাশিয়া সফরের সময় এ ইস্যুসহ অন্য বিষয়গুলো নিয়ে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সামনা সামনি আলোচনা করব।”
তুর্কি নেতা অঙ্গীকার ব্যক্ত করেন যে, তার সেনারা মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদেরকে নির্মূল করবে। তিনি বলেন, গত বছরই এ অভিযান চালানোর জন্য প্রস্তুতি শেষ হয়েছে। কুর্দি ওয়াইপিজি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ২০১৬ সালে প্রথমবারের মতো তুরস্ক সিরিয়ায় সেনা পাঠায়।#
পার্সটুডে/এসআইবি/৮