‘ইরান-বিরোধী মার্কিন তৎপরতা জোরদার হলে ইরাক চুপ থাকবে না’
-
আম্মার আল-হাকিম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার তাদের সামরিক তৎপরতা জোরদার করলে ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ ইরাক চুপ করে বসে থাকবে না। একথা বলেছেন ইরাকের প্রভাবশালী শিয়া আলেম ও ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা আম্মার আল-হাকিম।
তিনি বলেন, সম্ভাব্য যেকোনো সংঘাত থেকে ইরাককে বাঁচাতে হবে কারণ যখনই যুদ্ধ সৃষ্টি করা হয় তখন সেখানে কারণ ও যুক্তি থাকে না। আম্মার হাকিম বলেন, “আমেরিকা ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ইরানের সরকার ও জনগণকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। মার্কিন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরাকের জন্য খুবই মারাত্মক ও করুণ পরিণতি বয়ে আনবে।”
আম্মার আল-হাকিম ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাগদাদের এমন দায়িত্বশীল নীতি গ্রহণ করা উচিত যাতে মর্মান্তিক পরিণতি রোধ করা যায়। তিনি ইরাক সরকারকে ইরান ও আমেরিকার ভেতরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আব্হান জানান।
মার্কিন সরকারের ভাষায় ইরান থেকে আসা হুমকি মোকাবেলার জন্য পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ও বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। এরপর আম্মার আল-হাকিম এসব কথা বললেন।#
পার্সটুডে/এসআইবি/১১