গাজা থেকে রকেট হামলার সাইরেন শুনে পালালেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i73556-গাজা_থেকে_রকেট_হামলার_সাইরেন_শুনে_পালালেন_নেতানিয়াহু
গাজা উপত্যকা রকেট হামলার সতর্কতামূলক সাইরেন শুনে নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০৮:৪২ Asia/Dhaka

গাজা উপত্যকা রকেট হামলার সতর্কতামূলক সাইরেন শুনে নির্বাচনী প্রচারণা মঞ্চ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার রাতে বন্দরনগরী আশদোদে একটি নির্বাচনী প্রচারের সময় এমন ঘটনা ঘটেছে। ১৭ সেপ্টেম্বর ইসরাইলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন লিকুদ পার্টি ওই সমাবেশের আয়োজন করে। ভাষণে নেতানিয়াহু নির্বাচনে ফের জয় পেলে অধিকৃত পশ্চিম তীরের একটি অংশ ইসরাইলে অন্তর্ভুক্ত করে নেয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই রকেট হামলা হয়। লিকুড পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

 

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালালে দক্ষিণাঞ্চলের আশদোদ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় নির্বাচনী সমাবেশে ভাষণ শুরু করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী। রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর নেতানিয়াহুর দেহরক্ষীরা নিরাপত্তা ব্যূহ তৈরি করে তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন।

মঞ্চ থেকে নামার সময় সমাবেশে জড়ো হওয়া লোকজনকে তিনি বলেন, ‘আপনারা নীরবে এখান থেকে চলে যান।’ অবশ্য ২০ মিনিট পর এসে নেতানিয়াহু মঞ্চে ফিরে ফের ভাষণ শুরু করেন।

এদিকে, রকেট হামলার সাইরেন শুনে ইসরাইলের ‘ব্লু অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্স’র নেতা ও সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজিও আশকেলান শহরে তার নির্বাচনী সমাবেশ সংক্ষিপ্ত করে নিরাপদ স্থানে চলে যান।

ইহুদিবাদি ইসরাইল দাবি করেছে- আশদোদ ও পার্শ্ববর্তী আশকেলনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে দুটি রকেট গুলি করে ধ্বংস করা হয়েছে।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন