পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপর হামলার জন্য ইসরাইল দায়ী: ইরাকি প্রধানমন্ত্রী
-
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, তার দেশের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পপুলার মোবিলাইজেশন ইউনিটের ওপর সম্প্রতি যেসব হামলা হয়েছে তার জন্য ইহুদিবাদী ইসরাইল দায়ী।
গতকাল (সোমবার) কাতারভিত্তিক আল-জাজিরার টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে ইরাকি প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, পপুলার মোবিলাইজেশন ইউনিটের অবস্থানের ওপর সাম্প্রতিক হামলাগুলো তদন্ত করার পর ইসরাইলি হামলার ইঙ্গিতই মিলেছে। আরবি ভাষায় এ সংগঠনের নাম হাশ্দ আশ-শাবি।
ইরাকের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন, বিভিন্ন রকমের ইঙ্গিতবাহী তৎপরতা থেকে একথা পরিষ্কার হচ্ছে যে, এই অঞ্চলে ইহুদিবাদী ইসরাইল ছাড়া আর কেউ যুদ্ধ চায় না। চলতি মাসের প্রথমদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের আকাশ প্রতিরক্ষা বিভাগ তাদের অবস্থানে অজ্ঞাতপরিচয় একটি ড্রোনের হামলা নস্যাৎ করে দিয়েছিল।
গত ১১ সেপ্টেম্বর পপুলার মোবিলাইজেশন ইউনিটের সালাহউদ্দিন অপারেশন্স কমান্ড সেন্টার এক বিবৃতিতে বলেছিল, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ড্রোনটি ওই এলাকা ছেড়ে চলে যায়।
সম্প্রতি ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠনটির ওপর বেশ কয়েক দফা হামলা হয়েছে। এ নিয়ে ইরাকের সাধারণ জনগণ এবং অনেক সংসদ সদস্যও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এসব হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১