হুথিদের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সৌদি আরব
-
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বলেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে তাকে ইতিবাচকভাবে দেখছে রিয়াদ। তিনি দাবি করেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে যা চাইছিল ইয়েমেনের হুথিরা সেই প্রস্তাবই করছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আশা করা হচ্ছে রিয়াদের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন।
গত মাসে ইয়েমেনের হুথিরা বলেছে, সৌদি আরব যদি বর্বর আগ্রাসন বন্ধ করে তাহলে তারা যুদ্ধবিরতি পালন করতে প্রস্তুত রয়েছে। তবে সৌদি আরব তাৎক্ষণিকভাবে ওই প্রস্তাবে সাড়া দেয় নি।
সম্প্রতি ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের সর্ববৃহৎ স্থাপনা আরামকোর উপর ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া, সীমান্তবর্তী নাজরান প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে সৌদি আরবকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি করেছে। গতকাল মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথিদের ব্যাপক ড্রোন হামলায় স্তম্ভিত হয়েছে সৌদি সরকার। ভয়েস অব আমেরিকা তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, এদের কাছে পরাজিত হতে যাচ্ছে সৌদি আরব। এই জায়গা থেকে দৃষ্টি ঘোরাতে এখন তারা যুদ্ধবিরতি মেনে নিতে পারে।#
পার্সটুডে/এসআইবি/৫