বাগদাদের গভর্নরের পদত্যাগপত্র গ্রহণ করেছে গভর্নিং কাউন্সিল
-
ফালাহ আল-জাযায়েরি
ইরাকের বাগদাদ প্রদেশের গভর্নিং কাউন্সিল ওই প্রদেশের গভর্নর ফালাহ আল-জাযায়েরি’র পদত্যাগপত্র গ্রহণ করেছে। ইরাকের সরকারি টেলিভিশনে প্রচারিত এক খবরে একথা জানানো হয়েছে। গভর্নিং কাউন্সিল বলেছে, তারা শিগগিরই একজন নতুন গভর্নর নিয়োগ দেবে।
ইরাকে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রাদেশিক গভর্নিং কাউন্সিলের সদস্যরা নির্বাচিত হন এবং ওই কাউন্সিলের সদস্যদের ভোটে গভর্নর নিয়োগ পান।
ইরাকের বাগদাদ’সহ আরো কিছু প্রদেশে গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অপ্রতুল নাগরিক সুবিধা, বেকারত্ব বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মায়ান আল মুসাভি বলেছেন, ইরাকের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি রোববার সাংবাদিকদের বলেন, ইরাকের বিভিন্ন শহরে বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
তিনি জানান, গত কয়েক দিনের সহিংসতায় ১০৪ জন নিহত এবং ছয় হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য।
শনিবার রাতে ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির সভাপতিত্বে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তাতে বিক্ষোভকারীদের বিভিন্ন দাবি পর্যালোচনার পর সমস্যা সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গরিবদের আবাসন ও চাকরির ব্যবস্থা করার পাশাপাশি দুর্নীতি দমনে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।