ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক; কুর্দি নেতার সঙ্গে মতবিনিময়
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ (মাঝখানে) ও আব্দুর রহমান আলে সানি (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি'র সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখ পিস কনফারেন্সের আঞ্চলিক বৈঠকে অংশ নিতে জারিফ বর্তমানে দোহায় অবস্থান করছেন।
আজ (মঙ্গলবার) সকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি দোহায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধান নেচিরভান বারাজানি এবং জার্মান সংসদের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির প্রধান নুরবার্ট রুটগেনের সঙ্গে বৈঠক করেছেন।
কুর্দি নেতা বারাজানির সঙ্গে ইরাক পরিস্থিতি এবং সিরিয়ার উত্তরাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। জার্মান কর্মকর্তার সঙ্গে তিনি পরমাণু সমঝোতা নিয়ে কথা বলেছেন।
আজ থেকে দোহায় মিউনিখ পিস কনফারেন্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলন শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন।
কাতার ও ইরানের মধ্যে বর্তমানে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। গত আগস্টেও একবার কাতার সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।