মার্কিন হামলার কঠোর জবাব দেওয়া হবে: হাশ্দ আশ শাবি
-
আবু মাহদি আল মুহান্দিস
ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশ্দ আশ শাবি'র উপ-প্রধান আবু মাহদি আল মুহান্দিস বলেছেন, মার্কিন হামলার কঠোর জবাব দেওয়া হবে।
হাশ্দ আশ শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় তিনি আজ (সোমবার) এ কথা বলেন। আবু মাহদি আল মুহান্দিস আরও বলেছেন, শহীদদের রক্ত বৃথা যাবে না এবং আগ্রাসীরা এর জবাব পাবে।
এদিকে, ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডের মুখপাত্র জাফার হোসেইনি বলেছেন, হাশ্দ আশ শাবির ওপর হামলার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, প্রতিরোধ বিষয়ক পরিষদের নির্দেশ পেলেই আমরা পাল্টা আঘাত হানব।
হোসেইনি আরও বলেন, নানা উপায়ে মার্কিন হামলার জবাব দেওয়ার কথা বিবেচনায় রয়েছে। ইরাকে মার্কিন বাহিনী এ পর্যন্ত প্রতিরোধ সংগ্রামের পক্ষ থেকে নানা সময় নানা ভাবে জবাব পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।