বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা: হাশদ আশ-শাবির ৫ জওয়ান নিহত
ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (শুক্রবার) ভোররাতে রকেট হামলা হয়েছে। অজ্ঞাত অবস্থান থেকে বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়। এর ফলে সেখান মোতায়েন জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচ জওয়ান নিহত হয়েছেন।
সংবাদ সূত্রগুলো জানিয়েছে, বিমানবন্দরে মোতায়েন হাশদ আশ-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।অবশ্য কোনো কোনো সূত্র জানিয়েছে, মার্কিন হেলিকপ্টার থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে।
এর আগে গত রোববার হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জওয়ানকে হত্যা করে আমেরিকা। এর প্রতিবাদে ইরাকি জনতা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারা গত মঙ্গলবার থেকে বাগদাদস্থ মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালের একাংশ এবং দূতাবাসের নিরাপত্তা চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়।তারা ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেয় এবং মার্কিন সেনাদের ইরাক থেকে বহিষ্কার করার আহ্বান জানায়।
টানা তিন দিন বিক্ষোভ দেখানোর পর বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আল-মাহদির আহ্বানে সাড়া দিয়ে মার্কিন দূতাবাসের সামনে থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।