সিরিয়ায় বাশার আসাদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সংসদ স্পিকার
-
লারিজানি (বামে) ও আসাদ (ডানে)
সিরিয়ায় পৌঁছে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি।
তাদের মধ্যে পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং সিরিয়ার উত্তর-পশ্চিম ফ্রন্টে প্রতিরোধ সংগ্রামীদের বিজয়ের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
দুই নেতা সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার ওপর গুরুত্বারোপ করেন। আজই (রোববার) সিরিয়ায় পৌঁছান ইরানের সংসদ স্পিকার।
সিরিয়ার উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে তিনি বলেন, সিরিয়া প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে। এ অঞ্চলের দেশগুলো নিয়ে যে সব ষড়যন্ত্র রয়েছে তা মোকাবেলার জন্য আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিবিড়ভাবে পরামর্শ হওয়া প্রয়োজন।
সিরিয়ার ইদলিব প্রদেশে এবং আলেপ্পো প্রদেশের সামান্য কিছু অংশ সন্ত্রাসীদের দখলে ছিল। এসব অঞ্চল দখলদারিত্ব মুক্ত করার জন্য সিরিয়ার সেনারা এবং মিত্রবাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনার মধ্যেই সিরিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক।
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তুরস্কের এই অবস্থানকে অনেকেই নেতিবাচক বলে মনে করছেন।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।