সিরিয়া নিয়ে রাশিয়াকে এরদোগানের হুঁশিয়ারি: ‘সামনে থেকে সরে যান’
https://parstoday.ir/bn/news/west_asia-i77869-সিরিয়া_নিয়ে_রাশিয়াকে_এরদোগানের_হুঁশিয়ারি_সামনে_থেকে_সরে_যান’
সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০২০ ০৬:০৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট এরদোগান (ফাইল ছবি)
    প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট এরদোগান (ফাইল ছবি)

সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিয়ে মস্কোকে উদ্দেশ করে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।

এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়। তিনি আরো দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই; বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র। কিন্তু এ কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।

সিরিয়ার সরকার নয় বরং সেদেশের জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কাজেই তার দেশের সেনারা সিরিয়া ত্যাগ করবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট অবশ্য একথার সত্যতা স্বীকার করেন যে, সম্প্রতি সিরিয়ার বিমান হামলায় ইদলিব প্রদেশে মোতায়েন তার দেশের ৩৬ সেনা নিহত হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী প্রায় দুই মাস আগে সেদেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করার অভিযান শুরু করে। এ কাজে সিরিয়াকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে রাশিয়া। কিন্তু তুরস্ক এ অভিযানের বিরোধিতা করছে এবং ইদলিব প্রদেশে মোতায়েন নিজের সেনাদের দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করছে। তবে সিরিয়ার সরকার ও জনগণ এ কাজের পরিণতির ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।