‘আমেরিকা সন্ত্রাসীদের সহায়তা দেয়া বন্ধ করলে সিরিয়ার যুদ্ধ বন্ধ হতো’
মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক বলেছেন, আমেরিকা সন্ত্রাসীদের সামরিক সহায়তা দেয়া বন্ধ করলে সিরিয়ার প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হয়ে যেত। লেবাননের সংসদ সদস্য এবং দেশটির রিফর্ম অ্যান্ড চেন্জ জোটের প্রধান মাইকেল আউনের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেছেন তিনি। এ সময়ে সিরিয়ার চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সময়ে আলোচনা করেন তারা।
কয়েক বছর ধরে চলমান সিরিয়া সংকট নিয়ে ওয়াশিংটনের নীতির কঠোর সমালোচনা করেন ব্ল্যাক । তিনি বলেন, জর্দান, সৌদি আরবসহ অন্যান্য দেশে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া এবং তাদের সামরিক সহায়তা যোগানো আমেরিকা বন্ধ করলে সিরিয়ার প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হয়ে যেত।
এ সময়ে আশাবাদ ব্যক্ত করে ব্ল্যাক বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া সংক্রান্ত মার্কিন নীতি পরিবর্তন করবেন এবং সংকট নিরসনে গঠনমূলক পদক্ষেপ নিবেন।
এ ছাড়া, সিরিয়ার সংবিধানের প্রশংসা করে ব্ল্যাক বলেন, এ থেকে সৌদি আরবের শিক্ষা নেয়া উচিত। সৌদি আরবের নারী অধিকার এবং বাক স্বাধীনতা লঙ্ঘন থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন তিনি।#
মূসা রেজা/২৬