সৌদি জোটের যুদ্ধবিরতির ঘোষণা শুধু রাজনৈতিক ফাঁকা বুলি: হুথি আন্দোলন
-
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে যুদ্ধবিরতির ব্যাপারে যে ঘোষণা দিয়েছে তা নিতান্তই রাজনৈতিক ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।
সৌদি আরব ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা নাকচ করে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সৌদি আরব এখনো ইয়েমেনের ওপরে সামরিক আগ্রাসন চালাচ্ছে। তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে বলে রিয়াদ যে দাবি করছে তা কূটকৌশল ও রাজনৈতিক ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। আব্দুস সালাম বলেন, এখন সৌদি আরব এমন জায়গায় হামলা চালাচ্ছে যেখানে কখনোই সৌদি জোটের সঙ্গে হুথিদের সংঘর্ষ হয় নি। কাতারভিত্তিক আরবি টেলিভিশন চ্যানেল আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুস সালাম।
তিনি বলেন, সৌদি যুদ্ধবিরতির ঘোষণা শুধুমাত্র রাজনৈতিক ও গণমাধ্যমের মহড়া। জাতিসংঘের সঙ্গে যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তা গুরুত্বহীন করে তোলার জন্য সৌদি আরব এ প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া, করোনাভাইরাসের মহামারির মধ্যে সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তা থেকে নিজেকে আড়াল করতে সৌদি আরব এই যুদ্ধবিরতির কথা বলছে।
আবদুস সালাম বলেন, যুদ্ধবিরতি চাইলে সৌদি জোটকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইয়েমেনের উপর তারা যে অবরোধ দিয়ে রেখেছে তা প্রত্যাহার করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/১০