ইয়েমেনে করোনার চিকিৎসা সামগ্রী প্রবেশ ঘটাতে সৌদির ওপর চাপ বাড়ান: হুথি
ইয়েমেনে যাতে মহামারী করোনাভাইরাস শনাক্তকরণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে পারে সেজন্য আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেন।
ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি গতকাল (রোববার) এক টুইট বার্তায় বলেন, ইয়েমেনের বিরুদ্ধে অবরোধের অবসান ঘটানো এবং এখানে যাতে সব ধরনের চিকিৎসা সামগ্রী বিশেষ করে করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে পারে সেজন্য সৌদি জোটের ওপর চাপ বাড়াতে আমরা বিশ্বের জাতিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইয়েমেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কত বাড়ল সে ব্যাপারে হিসাব না করে বিশ্বের দেশগুলোকে উচিত সৌদি আরবের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে নিজেদেরকে ব্যস্ত রাখা।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত ও উদ্বাস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। এ নিয়ে একমাত্র ইরান কথা বলছে; বাকি বিশ্ব একেবারেই চুপ রয়েছে।
ইয়েমেনে এখন পর্যন্ত ১২৮ জন ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ২৮ জন মারা গেছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনা পরিস্থিতি ভয়ানক আকার ধারন করতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও এরইমধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে। #
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।