'ভ্রাতৃপ্রতীম ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না ইরাক'
-
ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহ বলেছেন, ভ্রাতৃপ্রতীম ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না তার দেশ। সম্প্রতি আমেরিকা ইরানবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের ভেতরে একটি বিশেষজ্ঞ টিম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালিয়েছে নাসির আব্দুল্লাহ মূলত সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন।
গতকাল (শনিবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে ইরাকি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘে যে প্রস্তাব তোলা হয়েছে ইরাক মৌলিকভাবে তার বিরোধী।
গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বার্ষিক বাজেটের বিরুদ্ধে ভোট দেয়। ওই ভোটাভুটিতে আমেরিকার পাশে ছিল একমাত্র ইসরাইল। বিশ্বের ১৬৮টি দেশ ৩২৩ কোটি ১০ লাখ ডলারের এ বাজেটের পক্ষে ভোট দেয়। ঐতিহ্যগতভাবে জাতিসংঘের বার্ষিক বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়ে আসছে।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চেয়েছিল কিন্তু তার পক্ষে প্রয়োজনীয় সমর্থন যোগাতে পারে নি ওয়াশিংটন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ট্রাম্প প্রশাসন।
ইরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত বলেন, তার দেশের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজিমি ইরানের কাছে বার্তা পাঠিয়েছেন যে, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে না বাগদাদ।
ইরাকি রাষ্ট্রদূত বলেন, ইরান হচ্ছে বন্ধুপ্রতীম ও ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ এবং তেহরানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরাকের অনুসৃত নীতি হচ্ছে তার প্রতিবেশীদের বিশেষ করে ইরানের বিরুদ্ধে যেকোন নেতিবাচক সিদ্ধান্তের বিরোধিতা করা।#
পার্সটুডে/এসআইবি/৩