তুরস্কের শরণার্থী শিবিরে সিরিয়ার ৩০ শিশু ধর্ষিত
https://parstoday.ir/bn/news/west_asia-i9199-তুরস্কের_শরণার্থী_শিবিরে_সিরিয়ার_৩০_শিশু_ধর্ষিত
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের একটি শরণার্থী শিবিরে অন্তত ৩০টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব শিশুর বয়স আট থেকে ১২ বছর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৬ ১১:২৭ Asia/Dhaka
  • তুরস্কের শরণার্থী শিবিরে সিরিয়ার ৩০ শিশু ধর্ষিত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের একটি শরণার্থী শিবিরে অন্তত ৩০টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব শিশুর বয়স আট থেকে ১২ বছর।

তুরস্কের বামপন্থি পত্রিকা ‘দৈনিক বিরগুন’-এ গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত নিজিপ শরণার্থী শিবিরে চলতি বছর এসব ঘটনা ঘটেছে। শরণার্থী শিবিরের একজন পরিচ্ছন্ন কর্মী বাথরুমে এসব ছেলে শিশুর ওপর যৌন লালসা চরিতার্থ করেছে।

ধর্ষণকারীর পূর্ণ নাম প্রকাশ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দিতে সে সুযোগ মতো শিশুদেরকে অন্ধকার জায়গায় নিয়ে যৌন হয়রানি করে। ধর্ষণকারী ব্যক্তি এসব ঘটনা স্বীকার করেছে এবং এর বিনিময়ে সে শিশুদেরকে সামান্য পরিমাণ অর্থ দিত বলে জানিয়েছে। ধর্ষণকারীর বয়স ২৯ বছর হবে এবং সে বর্তমানে বিচারের মুখে রয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তাকে মোট ২৮৯ বছর কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

ধর্ষণের শিকার এক শিশু তার বাবাকে এ বিষয়ে জানানোর পর ঘটনাটি ফাঁস হয় এবং ওই ব্যক্তিকে পরে বিচারের মুখোমুখি করা হয়েছে। আটটি পরিবার বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছে। তবে অন্য পরিবারগুলো তুরস্ক থেকে বহিষ্কারের ভয়ে মুখ খোলে নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এসব শিশু ধর্ষণের শিকার হওয়ার জন্য তুরস্কের ত্রাণ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এএফএডি-কে দায়ী করেছেন।#

সিরাজুল ইসলাম/১৩