তুর্কি বিমান হামলায় ইরাকে ১০ জন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i9697-তুর্কি_বিমান_হামলায়_ইরাকে_১০_জন_নিহত
তুরস্কের বিমান হামলায় ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ১০ জন নিহত হয়েছে। তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৬ ১৫:০৫ Asia/Dhaka
  • তুর্কি বিমান হামলায় ইরাকে ১০ জন নিহত

তুরস্কের বিমান হামলায় ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ১০ জন নিহত হয়েছে। তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।

এসব সূত্র বলছে, তুর্কি বিমান হামলায় তুরস্কে হাক্কারি প্রদেশেও কয়েকজন মারা গেছে। তুর্কি প্রদেশটি ইরাকের উত্তরাঞ্চলের সঙ্গে একেবারেই লাগোয়া। নিহতরা সবাই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলা বলে দাবি করেছে তুর্কি নিরাপত্তা সূত্র।

গত বছরের জুলাই মাসে তুরস্কের সুরুক শহরে বোমা হামলায় ৩০ জনের বেশি মারা যাওয়ার পর পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুর্কি সরকার। এরপর থেকে সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরাকের উত্তরাঞ্চলেও তুর্কি বাহিনী বোমা হামলা চালিয়ে আসছে।

জবাবে পিকেকে গেরিলারাও তুর্কি বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। কিছুদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, জুলাই থেকে শুরু হওয়া সেনা অভিযানে পিকেকে’র ৫,০০০ গেরিলা নিহত হয়েছে। এর বিপরীতে সেনা মারা গেছে ৩০০।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮