রুশ আগ্রাসন নিয়ে মার্কিন প্রচারণা প্রত্যাখ্যান করল ইউক্রেন ও জার্মানি
-
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক
রাশিয়া প্রতিবেশী ইউক্রেন এ যেকোনো মুহূর্তে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকা বারবার যে সতর্কবার্তা দিয়ে আসছে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং জার্মানি।
গতকাল (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ-ভীতি তৈরি করার জন্য আবারো বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। তিনি বলেন, “আমরা মনে করি না এই ধরনের ভীতি সৃষ্টির কোনো প্রয়োজন আছে।” মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতেই তিনি এ কথা বলেন।
সম্মেলনে দেয়া বক্তৃতায় স্বাগতিক জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, “আমরা এখনো জানি না রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা।” ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গত কিছুদিন থেকেই বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন যে, যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করবে। সর্বশেষ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি মোটামুটি নিশ্চিত যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের এই বক্তব্যের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে দ্বিমত পোষণ করলেন।#
পার্সটুডে/এসআইবি/২০