'দোনবাসে রক্তগঙ্গা দেখতে পারে না রাশিয়া'
https://parstoday.ir/bn/news/world-i104198-'দোনবাসে_রক্তগঙ্গা_দেখতে_পারে_না_রাশিয়া'
ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর গতরাতের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশিরভাগ দেশ যুদ্ধ এড়ানোর জন্য শান্তি ও কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:৩৬ Asia/Dhaka
  • নিরাপত্তা পরিষদের বৈঠক
    নিরাপত্তা পরিষদের বৈঠক

ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর গতরাতের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেশিরভাগ দেশ যুদ্ধ এড়ানোর জন্য শান্তি ও কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, দোনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান অত্যাসন্ন ছিল এবং রাশিয়া সেখানে নতুন করে রক্তগঙ্গা বয়ে যাওয়ার সুযোগ দিতে পারে না। তিনি এসময় পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন, “পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে আপনারা দ্বিতীয় বার ভাবুন।”

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

তিনি স্পষ্ট করে বলেছেন, চলমান পরিস্থিতিতে রাশিয়া কূটনীতির দরজা খোলা রেখেছে তবে বর্তমান পরিস্থিতির জন্য ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন তিনি। নেবেন জিয়া বলেন, ইউক্রেন সরকার মূলত পশ্চিমা দেশগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে এবং আমেরিকা ও ন্যাটো সামরিক জোটের মাধ্যমে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

গতকাল (সোমবার) রাতে পূর্ব ইউক্রেনের রুশপন্থি গেরিলা নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এসআইবি/২২