‘আমেরিকা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করেছে’
মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা মনসুর আখতারের নিহত হওয়ার কথা নিশ্চিত করে পাকিস্তান বলেছে, ওয়াশিংটনের তৎপরতা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করে দিয়েছে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
তিনি বলেন, ড্রোন হামলায় ২১ মে মোল্লা আখতার মনসুরের মৃত্যু আফগান সংকটকে আরো জটিল করে তুলেছে। তিনি বলেন, আমেরিকার এ তৎপরতা আফগান শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়েছে বলে পাকিস্তান মনে করে।
বেলুচিস্তানের নাওশিকিতে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা মনসুর নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, সব দিক থেকে পাওয়া তথ্যে মনে হচ্ছে ড্রোন হামলায় নিহত ব্যক্তি মোল্লা মনসুর। তিনি ভূয়া পরিচয় পত্র নিয়ে ভ্রমণ করছিলেন এবং তার ডিএনএ পরীক্ষার ফলাফল কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান তিনি।
মোল্লা মনসুর নিহত হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে ঘোষণা দেয়ার একদিন পরই পাকিস্তান এ বক্তব্য দিল। এ ছাড়া, স্পাইন বোলডাকে মনসুরকে দাফন করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাও নাকচ করে দেন সারতাজ আজিজ। তিনি বলেন, মোল্লা মনসুরের লাশ এখনো পাকিস্তানের হেফাজতে রয়েছে এবং ডিএনএ পরীক্ষার পর তা পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয়া হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭