খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া!
https://parstoday.ir/bn/news/world-i115710-খেরসন_অঞ্চল_থেকে_সেনা_প্রত্যাহার_শুরু_করেছে_রাশিয়া!
ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল থেকে সেনাপ্রত্যাহার শুরু করেছে মস্কো। এরমধ্যে ইউক্রেন দাবি করেছে- তারা দক্ষিণাঞ্চলের বহু এলাকা পুনর্দখল করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০২২ ০৭:২৫ Asia/Dhaka
  • খেরসন থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া
    খেরসন থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল থেকে সেনাপ্রত্যাহার শুরু করেছে মস্কো। এরমধ্যে ইউক্রেন দাবি করেছে- তারা দক্ষিণাঞ্চলের বহু এলাকা পুনর্দখল করেছে।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, তারা খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এর একদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, খেরসন অঞ্চল থেকে তারা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সেনা ও বেসামরিক জনগণের অহেতুক প্রাণহানি এড়ানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনারা দিনিপ্রো নদীর তীরবর্তী অবস্থান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

খেরসন অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার ঘটনাকে মস্কোর জন্য বড় রকমের বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। কারণ ইউক্রেন থেকে যে চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল খেরসন তার অন্যতম। সে ক্ষেত্রে এটি এখন রাশিয়ার ভূখণ্ড বলে বিবেচিত এবং ওই অঞ্চলের জনগণের নিরাপত্তার সামগ্রিক দায়ভার রাশিয়ার ওপর।

তবে যুদ্ধের কৌশল হিসেবে ওই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করছে এবং সেখানে ইউক্রেনের জন্য এক ধরনের ফাঁদ পাতার পরিকল্পনা রয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন।

এদিকে, ভ্যালোরি জালুঝনি নামে একজন ইউক্রেনের জেনারেল জানিয়েছেন, তার দেশের সেনারা দক্ষিণাঞ্চলের ২০০ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।# 

পার্সটুডে/এসআইবি/১১