খেরসন এখনো রাশিয়ার অংশ: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i115764-খেরসন_এখনো_রাশিয়ার_অংশ_ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেরসন অঞ্চল এখনো রাশিয়ার অংশ রয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার কারণে খেরসনের আইনগত মর্যাদার ওপর কোনো প্রভাব পড়বে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০২২ ০৭:৫৮ Asia/Dhaka
  • গতকাল খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া
    গতকাল খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেরসন অঞ্চল এখনো রাশিয়ার অংশ রয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করার কারণে খেরসনের আইনগত মর্যাদার ওপর কোনো প্রভাব পড়বে না।

গত মাসে খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং রাশিয়ার সংসদ এই সংযুক্তির বিষয়টি অনুমোদন করলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্তভাবে ডিক্রি জারি করেন।

গতকাল (শুক্রবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, খেরসন অঞ্চল রাশিয়া ফেডারেশনের অংশই রয়েছে এবং অঞ্চলটির মর্যাদা নির্ধারিত ও সংজ্ঞায়িত; এতে কোনো পরিবর্তন আসতে পারে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে খেরসন অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করে দিনেপার নদীর পূর্ব পাড়ে নেয়ার পর ক্রিমলিনের পক্ষ থেকে ওই অঞ্চলের মর্যাদার প্রশ্নে দিমিত্রি পেসকভ এই বক্তব্য দিলেন।

খেরসন থেকে শুধু রাশিয়ার সেনা প্রত্যাহারই করা হয়নি, সেখানকার যে সমস্ত বেসামরিক নাগরিক চলে আসার জন্য আগ্রহী ছিল তাদেরকেও নিরাপদে সরিয়ে নেয়ার কথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনা প্রত্যাহারের আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, অহেতুক প্রাণহানি এড়ানোর জন্য সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২