ভূমধ্যসাগরে মোতায়েন হলো মার্কিন বিমানবাহী দ্বিতীয় রণতরী
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনআওয়ার ভূমধ্যসাগরে ঢুকেছে। গতকাল (সোমবার) শেষ বেলায় কয়েকটি ডেস্ট্রয়ার এবং জাহাজকে নেতৃত্ব দিয়ে এটি ভূমধ্যসাগরে ঢোকে। মার্কিন কর্মকর্তারা যখন এ অঞ্চলে রাশিয়ার নৌ তৎপরতার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তখন এটি সেখানে প্রবেশ করল।
ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এ ট্রুম্যানকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়ার জন্য ইউএসএস আইজেনআওয়ারকে ওই অঞ্চলে মোতায়েন করা হলো। চলতি মাসে ট্রুম্যানের আমেরিকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
মার্কিন নৌবাহিনী দাবি করেছে, বিশ্বজুড়ে নৌচলাচলের কথিত নিরাপত্তায় নিয়োজিত মার্কিন বাহিনীকে পর্যায়ক্রমে মোতায়েনের অংশ হিসেবে আইজেনআওয়ারকে মোতায়েন করা হয়েছে। আইজেনআওয়ারের সঙ্গে দু’টি গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার, চারটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং নয় স্কোয়াড্রন বিমান রয়েছে।
মার্কিন নৌবাহিনী দাবি করেছে, ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী দুই রণতরীর উপস্থিতির মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতিই তুলে ধরা হয়েছে।
পূর্ব ইউরোপ এবং তুরস্কে যখন ন্যাটোর সামরিক মহড়া চলছে তখন ইউএসএস আইজেনআওয়ারকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হলো। এতে রাশিয়ার সঙ্গে আমেরিকার বিরাজমান উত্তেজনা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৪