সিরিয়ার শরণার্থীদের জন্য দেয়া প্রতিশ্রুতি পালন করুন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i12106-সিরিয়ার_শরণার্থীদের_জন্য_দেয়া_প্রতিশ্রুতি_পালন_করুন_জাতিসংঘ
মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট মোকাবেলা করার লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি পালন করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ১৫, ২০১৬ ১৪:৩৫ Asia/Dhaka
  • সিরিয়ার শরণার্থীদের জন্য দেয়া প্রতিশ্রুতি পালন করুন: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট মোকাবেলা করার লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি পালন করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির শরণার্থী বিষয়ক হাই কমিশনার বা ইউএনএইচসিআরের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক আমিন আওয়াদ আজ বলেছেন, যেসব দেশে সিরিয়ার শরণার্থীরা আশ্রয় নিয়েছে সেসব দেশকে সাহায্য করার বিষয়ে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী 'সমষ্টিগতভাবে ব্যর্থ' হয়েছে।

গত ফেব্রুয়ারিতে লন্ডনে অনুষ্ঠিত ‘সাপোর্টিং সিরিয়া এবং রিজিওন’ শীর্ষক সম্মেলনে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো সিরিয়ার শরণার্থী সংকট সমাধানে ১,১০০ কোটি ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।  আমিন আওয়াদ বলেন, সিরিয়ায় পাঁচ বছরের বেশি সময় ধরে চলা সংকটে লাখ লাখ লোক বাস্তুহারা হয়েছে। এদের অনেকেই তুরস্ক, লেবানন এবং জর্ডানের সীমান্ত এলাকায় বসতি স্থাপন করেছে। তবে এসব দেশ এখন তাদের সীমান্ত নিরাপত্তা চৌকি গুলোতে কড়াকড়ি আরোপ করেছে।

আওয়াদ বলেন, লন্ডনে সম্মেলন হওয়ার চার মাস পরও প্রতিশ্রুত অর্থের মাত্র চার ভাগের এক ভাগ পাওয়া  গেছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা জানিয়েছেন, সিরিয়া সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার লাখ লোক নিহত হওয়ার পাশাপাশি দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি লোক উদ্বাস্তু হয়েছে।#

 

পার্সটুডে/ বাবুল আখতার/১৫