নিকোল পাশিনিয়ানের মন্তব্য
‘আঞ্চলিক কঠিন সময়ে ইরান ও আর্মেনিয়ার মধ্যে সক্রিয় যোগাযোগ থাকা দরকার’
আঞ্চলিক কঠিন সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আর্মেনিয়ার মধ্যে সক্রিয় যোগাযোগ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
গতকাল (সোমবার) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে ইরানের নতুন রাষ্ট্রদূত মেহেদি সোবহানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠকের সময় তার সঙ্গে যে নির্ভরযোগ্য সংলাপ হয়েছিল সেটি দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরো গভীর করার পথ দেখিয়েছে।
ইরানের নতুন রাষ্ট্রদূত সোবহানিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী পাশিনিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে এবং তা নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে আরো জোরদার হবে। বৈঠকে রাষ্ট্রদূত সোবহানি বলেন যে, আর্মেনিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের আকুন্ঠ সমর্থন থাকবে। এ সময় তিনি গোলযোগপূর্ণ নাগরনো-কারাবাখের জনগণের মানবিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ওই এলাকায় আর্মেনিয়ার নাগরিকদের নিরাপত্তা এবং বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৬