আমূল পরিবর্তের প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের নয়া প্রেসিডেন্টের শপথ গ্রহণ
https://parstoday.ir/bn/news/world-i13369-আমূল_পরিবর্তের_প্রতিশ্রুতি_দিয়ে_ফিলিপাইনের_নয়া_প্রেসিডেন্টের_শপথ_গ্রহণ
ফিলিপাইনে গত মাসের নির্বাচনে বিজয়ী রাজনৈতিক নেতা রডরিগো দুতেরতে আজ (বৃহস্পতিবার) সেদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দ্যাভাও নগরীর সাবেক মেয়র ৭১ বছর বয়সি দুতেরতে মে মাসের নির্বাচনে ফিলিপাইনের রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর স্লোগান দিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ৩০, ২০১৬ ১৭:০১ Asia/Dhaka
  • পারিবারিক বাইবেলে হাত রেখে শপথ নেন দুতেরতে
    পারিবারিক বাইবেলে হাত রেখে শপথ নেন দুতেরতে

ফিলিপাইনে গত মাসের নির্বাচনে বিজয়ী রাজনৈতিক নেতা রডরিগো দুতেরতে আজ (বৃহস্পতিবার) সেদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দ্যাভাও নগরীর সাবেক মেয়র ৭১ বছর বয়সি দুতেরতে মে মাসের নির্বাচনে ফিলিপাইনের রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর স্লোগান দিয়ে বিপুল ভোটে বিজয়ী হন।

ওই নির্বাচনে জনগণের প্রতি তার প্রতিশ্রুতি ছিল দুর্নীতি, মাদক চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমন করা।

আজ শপথ গ্রহণ করে দুতেরতে বলেছেন, তিনি দেশের রাজনৈতিক ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনবেন। তিনি নিজের ‘ক্ষমতার সীমাবদ্ধতা’ সম্পর্কেও প্রয়োজনীয় ধারণা রাখেন বলেও দাবি করেছেন নয়া প্রেসিডেন্ট।

রাজধানী ম্যানিলায় ম্যালাক্যানাং প্রাসাদে অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন দুতেরতে। শুধুমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেলের কর্মীদের এ অনুষ্ঠান সম্প্রচারের অনুমতি দেয়া হয়। শপথ অনুষ্ঠানে কোনো আন্তর্জাতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে দুই দশকেরও বেশি সময় দুতেরতে দ্যাভাও নগরীর মেয়রের দায়িত্ব পালন করেন।

ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য ওই নগরী এক সময় ‘মৃত্যুর রাজধানী’ হিসেবে পরিচিতি পেলেও দুতেরতে শহরটিকে বাসযোগ্য করে তুলে সাহায্য করেন। মূলত মেয়র হিসেবে তার সাফল্যের কারণেই এর আগে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন না করা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করে।

প্রেসিডেন্ট দুতেরতে বলেন, রাজনৈতিক নেতা, বিচার বিভাগ ও সরকারি কর্মকর্তাদের প্রতি জনগণের আস্থায় যে মারাত্মক ধস নেমেছে তা ফিরিয়ে আনা হবে তার লক্ষ্য। তবে এই কাজ করতে গিয়ে কতদূর পর্যন্ত অগ্রসর হওয়া যাবে একজন আইনজীবী হিসেবে তিনি তো বোঝেন বলেও দাবি করেন দুতেরতে। সেইসঙ্গে সব আন্তর্জাতিক চুক্তির পাশাপাশি দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আগের সরকারগুলোর করা চুক্তির প্রতি সম্মান দেখানোরও প্রতিশ্রুতি দেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০