ইউক্রেনের আভদিভকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i134654-ইউক্রেনের_আভদিভকা_শহরের_ওপর_পূর্ণ_নিয়ন্ত্রণ_প্রতিষ্ঠা_করল_রাশিয়া
ইউক্রেনের রুশ সীমান্তবর্তী শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন শহরটি থেকে সেনা প্রত্যাহারের পর রোববার এ ঘোষণা দিয়েছে দেশটি। যদিও মস্কো বলেছে, ইউক্রেনের কিছু সেনা এখনো সেখানকার সোভিয়েত আমলের একটি বড় জ্বালানির কারখানায় আত্মগোপন করে আছে। দুই বছর ধরে চলমান এই যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি হয়েছে এখানে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ০৭:৫৭ Asia/Dhaka
  • ইউক্রেনের আভদিভকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল রাশিয়া

ইউক্রেনের রুশ সীমান্তবর্তী শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন শহরটি থেকে সেনা প্রত্যাহারের পর রোববার এ ঘোষণা দিয়েছে দেশটি। যদিও মস্কো বলেছে, ইউক্রেনের কিছু সেনা এখনো সেখানকার সোভিয়েত আমলের একটি বড় জ্বালানির কারখানায় আত্মগোপন করে আছে। দুই বছর ধরে চলমান এই যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি হয়েছে এখানে।

গত বছর মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের বাখমুত শহর দখলে নেয়ার পর এই আভদিভকা শহরের পতন রাশিয়ার জন্য সবচেয়ে বড় বিজয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার দুই বছর পূর্তির প্রাক্কালে দেশটি এই সাফল্য পেল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ চলছে। তার মধ্যে ৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় তাদের সেনারা এগিয়ে গেছেন।  কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আভদিভকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইউক্রেন বলেছে, সেনাদের যেন আত্মসমর্পণ করতে না হয়, সে জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকার পতনকে গুরুত্বপূর্ণ বিজয় অভিহিত করে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

ইউক্রেন বাহিনী গত বছর তুমুল পাল্টা আক্রমণ চালিয়েও রুশ বাহিনীর অবস্থানে ফাটল ধরাতে ব্যর্থ হয়। এরপর থেকে ইউক্রেন বাহিনীকে ধরাশায়ী করার চেষ্টা চালিয়ে আসছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ পরিচালনার জন্য যখন নতুন সেনাপ্রধান দিয়েছেন, সে সময় যুদ্ধক্ষেত্রে তাদের এই ব্যর্থতার ঘটনা ঘটল।  রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট এই সফলতার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ বিজয়ের জন্য রাশিয়ার সেনাদের অভিনন্দন জানিয়েছেন।’#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।