মস্কো-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে পুতিনের আশাবাদ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমেরিকার আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন এই আশা প্রকাশ করেন বলে গতকাল (সোমবার) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তায় পুতিন বলেন, 'রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কের ইতিহাস থেকে দেখা গেছে, যখনই আমরা একে অপরের আইনগত স্বার্থের প্রতি সম্মান দেখিয়েছি এবং সমান অংশীদার হিসেবে কাজ করেছি তখনই উভয় দেশের জনগণ এবং মানবতার জন্য কল্যাণকর সবচেয়ে জটিল আন্তর্জাতিক ইস্যুগুলো অত্যন্ত সফলতার সঙ্গে সমাধান করতে সক্ষম হয়েছি।'
অতীতে দু'দেশের বিভিন্ন কার্যক্রম রাশিয়া এবং আমেরিকার মধ্যকার সংলাপকে একটি গঠনমূলক পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে পুতিন তার বার্তায় উল্লেখ করেন। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের মাধ্যমে প্রজাতন্ত্রটি রুশ ফেডারেশনে একীভূত হওয়ার পর মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। ইউক্রেন থেকে একটি প্রজাতন্ত্র বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ওই ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্রদেশগুলো অভিযোগ করে আসছে। তবে এ ঘটনায় নিজের হাত থাকার বিষয়টি দঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটি উল্টো ইউক্রেনে রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/৫