ইরাক থেকে সেনা প্রত্যাহারে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করুন: জাফারি
https://parstoday.ir/bn/news/world-i15607-ইরাক_থেকে_সেনা_প্রত্যাহারে_তুরস্কের_ওপর_চাপ_সৃষ্টি_করুন_জাফারি
ইরাকে মোতায়েন সেনা প্রত্যাহারে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৬, ২০১৬ ০৭:২৮ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি

ইরাকে মোতায়েন সেনা প্রত্যাহারে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি।

মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে সোমবার অনুষ্ঠিত আরব লিগের ২৭তম শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ইব্রাহিম আল-জাফারি বলেন, “ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে আমরা বহুবার তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। তুর্কি সরকার সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়ন করেনি।”

তিনি জোর দিয়ে বলেন, ইরাকের মাটিতে তুর্কি সেনা উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

গত বছরের ৪ ডিসেম্বর বাগদাদের অনুমতি ছাড়াই ইরাকের নেইনাভা প্রদেশের রাজধানী মসুলের কাছে প্রায় ১৫০ সেনা মোতায়েন করে তুরস্ক। এসব সেনাকে প্রশিক্ষণের কাজে পাঠানো হয়েছে বলে আঙ্কারা দাবি করলেও তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্রের পাশাপাশি রয়েছে ২০ থেকে ২৫টি ট্যাংক। 

ওই সময় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দাবি করেন, বাগদাদ সরকারের অনুরোধে ইরাকের ভেতর সেনা মোতায়েন করেছে আংকারা। দায়েশ-বিরোধী লড়াইয়ে কুর্দি পেশমারগা বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার অংশ হিসেবে ইরাকে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

তবে,  ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি বলেন, তার দেশের মাটি কখনই তুরস্কের জন্য হুমকি নয়। তিনি বলেন, তুর্কি সেনারা কখনই দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করছে না। সে কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের নামে ইরাকে তুর্কি সেনা মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, তুরস্কের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাগদাদ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা ইরাক থেকে সৈন্য সরিয়ে নেবে। কিন্তু আঙ্কারা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশের মাটি থেকে অবশ্যই তুর্কি সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

ইরাক সরকারের আহ্বান সত্ত্বেও তুরস্ক সেনা প্রত্যাহার না করায় সে সময় সেনা মোতায়েনের প্রতিবাদ করে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছিল বাগদাদ। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫