ইরান বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও দৃঢ়: চীন
-
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন
পার্সটুডে- ইরানের সঙ্গে কথিত সহযোগিতার অভিযোগে তিনটি চীনা কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটনের "একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার" নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, এই "একতরফা ও অবৈধ" পদক্ষেপগুলো ইরান বিষয়ে বেইজিংয়ের দৃঢ় অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।
পার্সটুডে জানিয়েছে, সোমবার এক বৈঠকে যুদ্ধের সময় ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করার অভিযোগে চীনা কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সঙ্গে এর সংযোগ বিষয়ে এএফপি-র এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন: "আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা চীন দৃঢ়ভাবে বিরোধিতা করে।"
যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই চীনা কোম্পানিগুলো স্যাটেলাইট চিত্র সরবরাহ করে ইরানের সামরিক অভিযানে ভূমিকা রেখেছে; তবে এই দাবি বেইজিং অস্বীকার করেছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ও ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহে সাহায্য করার অভিযোগে চীনের ১০ ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গুও জিয়াকুন আরও বলেন: চীন সবসময় তার কোম্পানিগুলোকে আইন ও বিধিবিধানের কাঠামোর মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে এসেছে এবং একই সাথে, বেইজিং চীনা কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।
তিনি ইরান সম্পর্কিত ঘটনাবলির দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেন: ইরান ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত সংঘাতকে অপব্যবহার করে অন্য দেশগুলোকে দায়ী করার পরিবর্তে, যুদ্ধ পুনরায় শুরু হওয়া এবং উত্তেজনা বৃদ্ধি রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন